৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ

Admin Published: January 29, 2025, 1:59 pm
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ

ডিএনএন ডেস্ক: হাফ ভাড়া নিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটের বাস চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয় রূপাতলী বাস টার্মিনালে।


শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধ বাজিয়ে তাদের রূপাতলীর শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। শ্রমিকদের বিভিন্ন সময়েই লাঞ্ছিতের অভিযোগ তুলে যান-মালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন।ধর্মঘট শুরু হওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটগুলো হলো: বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা।


এসব রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের ধর্মঘটের আহ্বানকে সমর্থন করেছে বলে জানিয়েছে বরিশালের শ্রমিক নেতারা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শ্রমিকেরা এ ধর্মঘটের ঘোষণা দেন।এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।


খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করে বলে অভিযোগে জানা যায়। অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।