৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

দলকে সিরিজ জিতিয়ে যা বললেন নাসুম

Admin Published: September 1, 2025, 11:43 pm
দলকে সিরিজ জিতিয়ে যা বললেন নাসুম

ডিএনএন ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা তৃতীয় সিরিজ জয়ের আনন্দে মাতোয়ারা টাইগাররা, আর এই সাফল্যের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ২১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি।


নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ টিকতেই পারেনি বাংলাদেশি বোলারদের সামনে। ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় লাল-সবুজের দল। সিরিজের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানো বাংলাদেশ এ নিয়ে টানা তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল।


নিজ শহর সিলেটে বল হাতে দুর্দান্ত সাফল্যের পর নাসুম দর্শকদের সমর্থনের কথাই প্রথমে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি এখানকার স্থানীয় ছেলে, দর্শকদের সমর্থন আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। প্রতিটি বলের পর তাদের উৎসাহই আমাকে বাড়তি প্রেরণা দিয়েছে। এই সাফল্যের কৃতিত্ব তাদেরও।’


ম্যাচের আগে টাইগার বোলারদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল শিশির। রাতে মাঠ ভিজে যাওয়ায় অনেক সময় স্পিনারদের গ্রিপে সমস্যা হয়। তবে নাসুম জানালেন, বোলাররা প্রস্তুত ছিলেন এমন পরিস্থিতি সামলানোর জন্য।


তিনি বলেন, ‘আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু সেটা তেমন হয়নি। উইকেটে আগের মতোই বাঁক ছিল, যা কাজে লাগাতে পেরেছি।’


পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসুম বলেন, ‘এই মুহূর্তে ম্যাচসেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি।’


টানা তিন সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও সামনে অপেক্ষা করছে এশিয়া কাপের মতো বড় আসর। নেদারল্যান্ডসের বিপক্ষে নাসুম ও অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিং প্রমাণ করেছে যে, প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশ এখন পরিকল্পনা অনুযায়ী এগোতে জানে।