স্টাফ রিপোর্টার : মুক্তি পেল ‘দেলুপি’ সিনেমার গান ‘আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে, নূপুরের বিয়ে হবে পার্থ'র সঙ্গে’। হাস্য-রসাত্মক, র্যাপ ও মজার কথার ছলে তৈরি গানটি সিনেমায় এক অন্যবদ্য সংযোজন।
ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে বেশ আলোচিত পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম বড় পর্দার সিনেমা হিসেবে ‘দেলুপি’র ঘোষণা আসে কয়েকদিন আগে।
সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায় ‘দেলুপি’র। টিজারে রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকীর।
এবার মুক্তি পেল প্রথম গান ‘গোধূলি লগ্নে’। ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম এবং তপেশ চক্রবর্তী। গানটিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে।
গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, আর কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট করেছেন তপেশ চক্রবর্তী।
দর্শকরা ইতোমধ্যেই ‘দেলুপি’র টিজারগুলোর প্রশংসা করেছেন এবং নতুন এই গানটি মুক্তির পর সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতা।
গানটি মুক্তি দেয়া হয়েছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশন থেকে।
গানটির লিংক: https://www.youtube.com/watch?v=jB18Tc11adA
সিনেমার নাম ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।
সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান নির্মাতা।