৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

খরচ কমাতে ডিআরএস ছাড়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

Admin Published: May 27, 2025, 9:45 pm
খরচ কমাতে ডিআরএস ছাড়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ডিএনএন ডেস্ক: লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে সিরজটি টি স্পোর্টসে দেখা যাবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও পাকিস্তানের এই টি-২০ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না রাখার সিদ্ধান্ত নিয়েছে।



পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ কম রাখতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।


এর আগে পিএসএলের দ্বিতীয় পর্বে (স্থগিতের পর নতুন করে শুরু করা হলে) ডিআরএস রাখেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, ডিআরএস পরিচালনার টেকনিক্যাল টিম না থাকায় সিরিজে এটি রাখা হচ্ছে না। পিসিবির পক্ষ থেকে ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট দলকে জানানো হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান।


বাংলাদেশ ও পাকিস্তানের শুরুতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা কমে তিন ম্যাচ করা হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ মে ও ১ জুন মাঠে গড়াবে।


এই সিরিজে বাংলাদেশ পেসত্রয়ী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে পাচ্ছে না। এর মধ্যে নাহিদ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির দু’জন কোচিং স্টাফও পাকিস্তানে যাননি।