৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

Admin Published: June 14, 2025, 1:07 pm
ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

ডিএনএন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে ঘরোয়া ফুটবলে চলছে বিতর্ক। তার দল নির্বাচনে ত্রুটি ও কৌশলে অপরিপক্কতা ফুটবলসংশ্লিষ্ট অনেকের চোখে পড়েছে। আজ (শনিবার) বাফুফের এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। 


এদিন সকালে বাফুফে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে। সেখানে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চান। 


বাফুফের নির্বাহী সদস্য শাহীন বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’


বাফুফের আজকের সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ জনই আমন্ত্রিত ছিলেন। ২১ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন ১৫ জন। সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন মঞ্চের একেবারে শেষ প্রান্তে গোমরামুখে ছিলেন। সম্মেলনের এক পর্যায়ে সাধারণ সম্পাদক শাহীনের সঙ্গে আলাপ করতে গেলে তার অসন্তোষ আবারও প্রকাশ পায়। 


আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।’