স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলার মোহনপুর উপজেলা শাখায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে শতাধিক নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শনিবার সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা ছাত্র অধিকার পরিষদের লক্ষ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ আলি তোহা বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব, আদর্শিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাসুম ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসিব এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক অপূর্ব এবং ইসমাইল হোসেন।