ডিএনএন ডেস্ক: সিলেটে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পটির আওতায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ অবকাঠামো গড়ে তোলা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নদীতীরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের নগর অবকাঠামো ও পরিবেশ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।