৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

নিখোঁজের পর খাল থেকে উদ্ধার মডেলের মরদেহ

Admin Published: June 17, 2025, 6:15 pm
নিখোঁজের পর খাল থেকে উদ্ধার মডেলের মরদেহ

ডিএনএন ডেস্ক : একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজ হন এক তরুণী মডেল। ঘটনার দুই দিন পর অবশেষে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) একটি খাল থেকে শীতল ওরফে সিম্মি চৌধুরী নামে ওই তরুণী মডেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার রহস্যজনক এই মৃত্যুতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।


ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের। জানা গেছে, হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন শীতল নামে ওই তরুণী মডেল। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।


পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর দেহ ক্ষতবিক্ষত এবং গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটিকে খুনের ঘটনাই বলছে পুলিশ। এর পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্তে নেমেছে তারা। খুনের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তাও খতিয়ে দেখছে পুলিশ।


জানা গেছে, হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত। গত ১৪ জুন আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য যান তিনি। সেখান থেকে ওই তরুণী তার বোন নেহাকে ফোন করে জানান, তার প্রাক্তন প্রেমিক সুনীল জোরপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।


এর কিছুক্ষণ পর থেকে শীতলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি নেহা। রাতে শীতল বাড়ি না ফেরায়, তিনি ওল্ড ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নেমে খন্দা গ্রামের কাছে একটি খাল থেকে শীতলের মরদেহ উদ্ধার করে পুলিশ। মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


গেল সপ্তাহেই ভারতে কমল কৌর নামে আরও এক উঠতি মডেল হত্যাকাণ্ডের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। পাঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার মরদেহ।