স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার হরিষার ডাইংয়ে উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মমতা প্রি-ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে আরাফ একাদশকে হারিয়ে সাকিব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, শিশু-কিশোরদের শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ পরিচালনার মূল শক্তি। তারা যদি মাঠে সময় দেয়, দলগতভাবে খেলার অভ্যাস গড়ে তোলে, তাহলে জীবনে নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার মূল্যবোধ তৈরি হয়। তিনি আরও বলেন, সমাজে নানা প্রলোভন ও অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। তরুণরা যদি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত না থাকে, তাহলে বিপথগামী হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রতিটি বাবা-মা, সমাজের প্রতিটি মানুষকে খেলাধুলার জন্য শিশুদের উৎসাহ দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম এবং উপজেলা বিএনপির সদস্য ও দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম চুন্নু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য আলকাস আলী, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান, কাজিমুদ্দিন ও আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।