স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সীদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা করে তৈরি করে রেখেছিলাম। আজ সালাহউদ্দিন আম্মা পোষা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে আসছে, যেটা সে নিজেই স্বীকার করেছে। এই জন্য আমাদের সীদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রথমবর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড পায়নি। তাদের বিষয়ে তিনি বলেন, বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা তাদের ভর্তির সময়কার কোনো কাগজ সাথে রাখতে পারে বা ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।
এদিকে সকাল ১০টা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসন ভবনের গেইটে তালা দিয়ে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কসহ শিক্ষার্থীরা।
সকাল থেকে অবরুদ্ধ উল্লেখ করে প্রক্টর আরও বলেন, একশো'র বেশি কর্মকর্তাসহ আমরা সকাল থেকে অবরুদ্ধ। এর মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে গেছে। তবে এখনো এ বিষয়ে কোনো আলোচনা বা সীদ্ধান্ত হয় নি বলে জানান তিনি।
বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে জানান, ৯ জন শিক্ষার্থী আসছিল তাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি উঠানোর জন্য। তাদের ছবি তুলে বহিরাগত বলে নিউজ করানো হলো এবং ইনস্টান্ট বহিরাগত নিষিদ্ধের নোটিশ দিলো প্রক্টর মহোদয়।