রাবি প্রতিনিধি :
কোটা সংস্কার ইস্যুতে দিনভর বিক্ষোভ শেষে সুনসান নীরবতা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকেই ব্যাগ-বস্তা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।
এর আগে দুপুর বারোটা থেকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হলগুলোর পলিটিকাল ব্লকে ভাংচুর চালায়। এরপর বিকাল ৪টার দিকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেন গেইটে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪-প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে বিজিবিকে অবস্থান নিতে দেখা যায়।
এদিকে বিক্ষোভ শুরুর প্রায় সাড়ে ছয় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়ক ছেড়ে হলে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এরপরই রাতে হামলা হতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে হল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হতে থাকে শিক্ষার্থীরা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ হবিবুর হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমরা বিভিন্ন মাধ্যম থেকে ইনফরমেশন পাচ্ছি রাতে ছাত্রলীগ হলে হলে হামলা করবে। তাই নিজেকে রক্ষা করার জন্য আমরা হল ত্যাগ করতেছি।
সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থী মোরশেদুল কাদির মাসুম বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রাতে হামলা হচ্ছে। এখানে যে হবে না এমন নিশ্চয়তা নেই। আমি আন্দোলন করেছি কি-না এটা কেউ দেখবে না। আমায় হলে পেলেই ক্ষতি করবে। এজন্য রাতটা ক্যাম্পাসের বাইরে কাটাবো।