স্টাফ রিপোর্টার : রাজশাহীর সাংবাদিক জামি রহমান রতন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি রাজশাহী মহানগরের রেশমপট্টি মহল্লার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের নাট্যকর্মী ছিলেন।
দীর্ঘ দিন ধরেই সাংবাদিক জামি রহমান শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সমস্যা বেড়ে গেলে বুধবার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা জামি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছে।
বৃহস্পতিবার বাদ আসর নগরের রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে জামি রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নগরের টিকাপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।