৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে বাসদের লাল পতাকা মিছিল

Admin Published: December 23, 2024, 6:45 pm
রাজশাহীতে বাসদের লাল পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে লাল পতাকা মিছিল হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার এলাকায় এই মিছিল বের করা হয়। পরে জিরোপয়েন্টে একটি সমাবেশ হয়।


বাসদের জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে ৫৩ বছরের রাষ্ট্র পরিচালনার নানান দিক তুলে ধরে বক্তারা লুটপাটতন্ত্রের মূল হিসেবে পুঁজিবাদকে দায়ী করেন। তারা পুঁজিবাদ উৎপাটন করে বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।


তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু এখনো নিত্যপণ্যের বাজার দর ঊর্ধ্বমুখী, খাদ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ। সিন্ডিকেট বহাল তবিয়তে আছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে তারা এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য নবকুমার কর্মকার। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন। সদস্য সচিব সামছুল আবেদীন ডনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কৃষক নেতা সহুবুল আলী, ছাত্রনেতা মাহফুজ আহমেদ প্রমুখ।