স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীতে বিপিএল আয়োজনে এবার উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা। পরিদর্শনে আসা কর্মকর্তারা হলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট।
স্টেডিয়ামের অবকাঠামো পরিদর্শণ শেষে তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে এখন স্টেডিয়ামটির ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসের মধ্যে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এতে রাজশাহীতে বিপিএল করার পুরোনো আলোচনা আবারো ত্বরান্বিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ, আউটফিল্ড দেখে বিপিএল করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নতুন কমিটি, উত্তরের এ জেলাটিতে বিপিএল করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা।
এদিনে সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকর বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন। এছাড়া ২০ টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেন, বড় টুর্ণামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের এখন ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকিটা করার পরিকল্পনা তাদের। তারা প্রতিবেদন জমা দেয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিআাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সুচী তৈরী করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠসহ আনুষঙ্গিক সুবিধাও দেখেন বিসিবি কর্মকর্তারা।
প্রসঙ্গত, রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত ৯ বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। তবে পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দি থাকায় আলোর মুখ দেখেনি। তবে এবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে এ স্টেডিয়াম নিয়ে।