৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে দুদিনব্যাপী কাবাডি উৎসব শুরু

Admin Published: June 9, 2025, 1:48 pm
রাজশাহীতে দুদিনব্যাপী কাবাডি উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : ঝিমিয়ে পড়া দেশের জাতীয় খেলা কাবাডি উজ্জীবিত করতে রাজশাহীতে শুরু হয়েছে দুদিন ব্যাপী কাবাডি উৎসব। সোমবার রাজশাহী নগরীর লালনশাহ্ মঞ্চ সংলগ্ন মাঠে উত্তরবঙ্গ কাবাডি একাডেমির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ উৎসবের উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাবাডি বাঙালীর প্রানের খেলা। এই খেলা গ্রাম বাংলার এমন কেউ নেই যে, খেলেন নি। এই খেলাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলার আটটি উপজেলা থেকে আটটি দল খেলায় অংশগ্রহন করছে।

তিনি বলেন, বাংলাদেশের অবস্থা বর্তমানে অন্যরকম। ৫ আগস্টের পর থেকে সকল কার্যক্রম পরিবর্তন হয়েছে। অন্তবর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আইন শৃংখলা বাহিনী সেবার জায়গায় ফেরত যেতে পারেনি।

শফিকুল হক মিলন বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্খা অনেক থাকলেও তা পুরণ করতে পারছেনা। একটি অদৃশ্য শক্তি তাদের কাজে বাধা প্রধান করছে। কিন্তু এ অবস্থা চলতে দেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি অংশগ্রহণকারঢী খেলোয়ারদের ফুল দিয়ে বরণ করেন। উদ্বোধনী ম্যাচে দূর্গাপুর উপজেলা দল ও পুঠিয়া উপজেলা দল মুখোমুখি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, কাবাডি ফেডারশেনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মজনু ও মহানগর যুবদলের সাবেক সদস্য রুবেল।