স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামী রবিবার ১৮ জানুয়ারি জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মী সম্মেলন উপলক্ষে ওইদিন সকাল ৯টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। আর তাতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কর্মী সম্মেলন ছাড়াও সেদিন আরো কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী বলেন, ‘সম্মেলন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। সম্মেলনটি রাজশাহী জেলা নিয়ে হবে। সম্মেলনে যারা অংশ নিতে আসবেন তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোন ধরনের যানজট সৃষ্টি হবে না।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।
এদিকে সম্মেলন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সাজানোর কাজ শুরু হয়েছে। তোরণ নির্মান করা হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। পোস্টারে পোস্টারে ইতিমধ্যে ছেয়েছে নগরী ও জেলার বিভিন্ন পয়েন্ট।