৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সাড়ে ১২ কেজি গান পাউডার উদ্ধার

Admin Published: April 1, 2026, 5:32 pm
রাজশাহীতে সাড়ে ১২ কেজি গান পাউডার উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল মঙ্গলবার রাতে উপজেলার বিজয়নগর এলাকায় এ অভিযান চালায়। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে ব্যাগগুলো তল্লাশি করা হলে সেগুলোর ভেতর থেকে বিস্ফোরক তৈরির এসব উপকরণ পাওয়া যায়।



উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুড়া। ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।


র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।