৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

শেফালী জারিওয়ালা আর নেই

Admin Published: June 28, 2025, 12:34 pm
শেফালী জারিওয়ালা আর নেই

ডিএনএন ডেস্ক: বলিউডের ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সেই নাফেরা দেশে চলে গেলেন এই অভিনেত্রী।জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালী। তৎক্ষণাৎ তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তার ঘনিষ্ঠ বন্ধুরা তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ।


চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় অভিনেত্রীর। তার এমন মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।


১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাতের আহমেদাবাদে জন্ম অভিনেত্রীর। ২০০২ সালে মাত্র ১৯ বছর বয়সে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন শেফালি। আর তার সেই মিউজিক ভিডিও-টি হল ‘কাঁটা লাগা’। আর এই গান তাকে এতটাই জনপ্রিয়তা দিয়েছিল যে, তিনি ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন। আজও এই নামেই বিপুল জনপ্রিয় শেফালী।


আসলে এই গানটি তার জীবন এবং ক্যারিয়ারের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল। একাধিক টিভি শো-এ কাজ করেছেন তিনি। ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) এবং ‘হুডুগারু’ (২০১১) সিনেমাতে ছোট অথচ শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।


এ ছাড়াও টেলিভিশন দুনিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি। সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালী। কিন্তু ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অভিনেতা পরাগ ত্যাগী প্রবেশ করেন তার জীবনে। হিন্দি সিনেমার এই জনপ্রিয় মুখ কাজ করেছেন বাংলাদেশেও।


সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে ‘পীরিতির কারবার’ শিরোনামে একটি গানে তাকে দেখা যায়।


এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলা গানের মডেল হয়েছিলেন তিনি। তাপসের কথা সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাদিয়া ডোরা।