৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

শমী কায়সারের বিরুদ্ধে তদন্তে দুদক

Admin Published: June 20, 2025, 11:43 pm
শমী কায়সারের বিরুদ্ধে তদন্তে দুদক

ডিএনএন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার ও বিজ্ঞাপন সংক্রান্ত নানা কার্যক্রমে জড়িত ছিল। এই কার্যক্রমের আড়ালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।


দুদক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি কীভাবে বিমানবন্দরে দোকান বরাদ্দ পেয়েছে, কীভাবে বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করেছে এবং এসব ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সিভিল এভিয়েশন অথরিটিকে চিঠি দিয়েছে কমিশন।


অভিযোগে বলা হয়েছে, ধানসিঁড়ি কমিউনিকেশন সরকারি অনুমতি ছাড়াই অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শন করে এবং চুক্তির বাইরে গিয়ে কাজ করে সরকারের আর্থিক ক্ষতি করেছে। প্রতিষ্ঠানটি একাধিকবার বড় অঙ্কের বিল দাখিল করে অর্থ উত্তোলন করেছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।


দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। একই সময়ে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে সরকারি রিলিফের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি।