৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী থেকে বাস বন্ধ

Admin Published: December 16, 2024, 6:35 pm
শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী থেকে বাস বন্ধ

স্টাফ রিপোর্টার : বাস চালকদের মারধরের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকে রাজশাহীর কোন বাস ছেড়ে যায় নি। এর আগে সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাস শ্রমিককে সিএনজি অটোরিকশা চালকেরা মারধর করেন। তাদের মারধরের জেরেই রাজশাহী থেকে আন্তঃজেলা রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর দুপুরে হঠাৎ করেই বাস শ্রমিকেরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিশোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। তারা নগরের রেলগেটের সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে রাজশাহীর শ্রমিক নেতা হেলাল উদ্দীন শ্রমিকদের উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন।

তবে অনুরোধ উপেক্ষা করে কিছু শ্রমিক সিএনজি ভাংচুরের উদ্দেশ্য অগ্রসর হন রেলগেটের দিকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। সন্ধ্যায় এ রিপোর্ট পর্যন্ত বাস বন্ধই ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা বাস ছাড়ছে না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে।  তিনি বলেন, ‘তানোরে আমাদের পাঁচ-ছয়জন শ্রমিককে মেরে আহত করেছে সিএনজি অটোরিকশার চালকেরা। পুলিশ এখনও মামলা নেয়নি। কাউকে গ্রেফতারও করেনি। ফলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।

রাজশাহী তানোর থানার ওসি ওসি মিজানুর রহমান বলেন, ‘বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের সমস্যা পুরনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক-হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।