৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

স্টেডিয়ামে দর্শকদের ঢল

Admin Published: June 10, 2025, 5:42 pm
স্টেডিয়ামে দর্শকদের ঢল

ডিএনএন ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। তবে ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন হাজারো ফুটবল সমর্থক।দুপুর ২টা থেকে ৫টার মধ্যে প্রবেশের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই নির্দেশনা দিলেও দুপুর গড়াতেই স্টেডিয়াম চত্বরে উপচে পড়া ভিড় দেখা গেছে।বাফুফে’র পূর্বঘোষণা অনুযায়ী, স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দুই লেনে লাইনের ব্যবস্থা করা হলেও দুপুরের মধ্যেই পল্টন মোড় থেকে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশপথে ভিড় জমিয়ে ফেলেন ফুটবলপ্রেমীরা।


অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেকে আগেভাগেই গেটের সামনে হাজির হন, বিশেষ করে গত ৪ জুনের ভুটান ম্যাচে টিকিট থাকার পরও বহু দর্শক মাঠে প্রবেশ করতে না পারার ঘটনার পর।


আজকের ম্যাচ ঘিরে নিরাপত্তাও নেওয়া হয়েছে সর্বোচ্চ মাত্রায়। পুলিশ, র‍্যাব, আনসার ছাড়াও বিশেষ বাহিনী সোয়াট সদস্যরা মোতায়েন করা হয়েছে।


নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্যালারিতে প্রবেশ শুরু হয় দুপুর আড়াইটার পর থেকে।


ম্যাচ উপলক্ষে জাতীয় পতাকা ও লাল-সবুজের জার্সি বিক্রেতারাও ছিলেন সক্রিয়। বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে ফুটবল সমর্থক গোষ্ঠী ‘বাংলাদেশ আল্ট্রাস’ জড়ো হয়ে ‘আল্ট্রাস আল্ট্রাস’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।


এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারা বাফুফে ভবনের সামনে তিন হাজার টিকিটের দাবিতে অবস্থান করলেও দুপুর পর্যন্ত টিকিট পাননি। তবু খেলা দেখতে স্টেডিয়াম চত্বরে হাজির হয়েছেন সংগঠনের সদস্যরা।


কুমিল্লা থেকে খেলা দেখতে আসা এক সমর্থক জানান, ‘আগেভাগে স্টেডিয়ামে ঢুকব বলে অনেক আগেই চলে এসেছি। এসে দেখি আমার আগে অনেকেই এসেছে। ফুটবলের এই উন্মাদনা দেখে সত্যি ভালো লাগছে।’


দীর্ঘদিন পর দেশের মাটিতে জাতীয় দলের ফুটবল ম্যাচ ঘিরে এমন জনস্রোত যেন জানান দিচ্ছে, ফুটবল এখনো বাঙালির হৃদয়ে জায়গা করে নিতে পারে।


অতীতের গ্যালারির শূন্যতা এবার ভরিয়ে দিচ্ছেন জনতা। তবে বিকেল ৫টার পর আর কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বাফুফে’র পক্ষ থেকে আবারও জানানো হয়েছে।