৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

তানিন সুবহা আর নেই

Admin Published: June 10, 2025, 11:35 pm
তানিন সুবহা আর নেই

ডিএনএন ডেস্ক: অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তানিনের মৃত্যু ঘোষণা করেন। 

এর আগে গত ৮ জুন অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে যায়। তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তানিনের অবস্থা মুমূর্ষু হলেও মারা যাওয়ার খবরটি সঠিক নয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ১৯৯৪ সালের ৫ মে মাদারীপুর জন্ম গ্রহণ করেন এই অভিনেত্রী।


গত ২ জুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলে এই চিত্রনায়িকা।


২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘জমজ’ নাটকের মাধ্যমে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে, যেখানে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।


তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’। বর্তমানে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।