৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

তিন মাসে চার সিনেমায় জয়া

Admin Published: June 17, 2025, 11:17 pm
তিন মাসে চার সিনেমায় জয়া

ডিএনএন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান ফের আলোচনায়। মাত্র তিন মাসের ব্যবধানে চতুর্থ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আজ সন্ধ্যায় সিনেমার পোস্টার প্রকাশ করে জয়া লেখেন, ‘ডিয়ার মা আসছে ১৮ জুলাই’।


এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালকের কথায়, রক্তের সম্পর্ক না ভালোবাসার টান- এই টানাপোড়েন নিয়েই এগোবে গল্প। 


জয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।


এর আগে একটি সাক্ষাৎকারে জয়া বলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার-এগুলো নিয়ে এগোবে ছবিটি।’


‘ডিয়ার মা’ হচ্ছে গত ১৬ মে মুক্তিপ্রাপ্ত ‘জয়া আর শারমিন’–এর পর তাঁর চতুর্থ সিনেমা। সেই সিনেমাটি নির্মিত হয়েছিল কোভিডকালে আটকে পড়া দুই নারীর সম্পর্ক ও মানসিক টানাপোড়েন নিয়ে। 




ঈদ উপলক্ষে বাংলাদেশে একসঙ্গে মুক্তি পায় তাঁর আরও দুটি সিনেমা-রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’। 


তিন মাসে চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে জয়ার উপস্থিতি তাঁর অভিনয়ের পরিধির বিশালত্বই যেন তুলে ধরছে নতুন করে।