১৯ কার্তিক, ১৪৩৩
০৩ নভেম্বর, ২০২৬

আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের ছবিসহ তালিকা প্রকাশ করবে রাবি ছাত্রদল

Admin Published: August 4, 2025, 7:00 pm
আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের ছবিসহ তালিকা প্রকাশ করবে রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে ছবিসহ তালিকা প্রকাশ এবং একাডেমিক ভবনগুলোর সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শাখা ছাত্রদল।


এই কর্মসূচি আগামী বুধবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হবে বলে সোমবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। তিনি বলেন, “জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের শিক্ষাঙ্গনে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার এক অনন্য নজির। সেই আন্দোলনের চেতনা ও প্রেরণাকে শক্তি হিসেবে ধারণ করেই আমরা আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে আইনি ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।”


তিনি অভিযোগ করেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ফ্যাসিবাদী চক্র দীর্ঘদিন ধরে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। বিগত জুলাই মাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সময় এই চক্র সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ প্রশাসনের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে সহায়তা করে। সেই সময় আমরা প্যারিস রোডে আওয়ামীপন্থী শিক্ষকদের মানববন্ধনের নাটকও প্রত্যক্ষ করেছি, যা অত্যন্ত ঘৃণিত ও লজ্জাজনক।”


সরদার জহুরুল আরও বলেন, “এই চক্র ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা ও একাডেমিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তারা ভয়ভীতি, দমননীতি ও চাকরিচ্যুতির হুমকির মাধ্যমে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের প্রত্যক্ষ নির্দেশনা ও উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছিল, অথচ আজও সেই ব্যক্তিরা বহাল তবিয়তে রয়েছেন এবং নিয়মিত বেতন-ভাতা তুলছেন। এটি অত্যন্ত দুঃখজনক।”


সংবাদ সম্মেলনে রাবি ছাত্রদল অভিযোগ করে, বর্তমান প্রশাসনও পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করছে। তারা দাবি করেন, “বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে, বর্তমান প্রশাসন শিক্ষক নিয়োগে পক্ষপাতমূলক আচরণ করছে এবং একটি বিশেষ গোষ্ঠীর মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে নানা ধরনের অবৈধ ও বিতর্কিত পন্থা অবলম্বন করছে। যা ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট’-এর পরিপন্থী।”


ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের ছবিসহ নাম প্রকাশ করে তালিকা টানানো এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে রাবি ছাত্রদল। তারা বিশ্ববিদ্যালয়ের ভীত-আতঙ্কহীন, স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।