১১ কার্তিক, ১৪৩৩
২৬ অক্টোবর, ২০২৬

ধর্ষণ-হত্যার হুমকি, আইনি পদক্ষেপ নিচ্ছেন অভিনেত্রী

Admin Published: October 26, 2026, 1:41 pm
ধর্ষণ-হত্যার হুমকি, আইনি পদক্ষেপ নিচ্ছেন অভিনেত্রী

ডিএনএন ডেস্ক: রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’ থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পেয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা সারা গুরপাল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়ে কথা বলেন সারা। তিনি লেখেন, ‘অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলছি। ‘রাইজ অ্যান্ড ফল-২’ আমার জন্য একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। কিন্তু অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছি, তা অদ্ভুত ও ঘৃণ্য।’


সারা বলেন, ‘আমি মতামত প্রকাশ করলে তার সঙ্গে কেউ একমত হতে পারেন, আবার দ্বিমতও পোষণ করতে পারেন। কিন্তু সেই কারণে তাকে ও তার পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া, ধর্ষণের হুমকি দেওয়া কিংবা শরীর নিয়ে অশালীন মন্তব্য করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’


অভিনেত্রী লেখেন, ‘সবার নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, কাউকে হুমকি দেওয়া বা অপমান করার অধিকার আপনার আছে।’


সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে এমন আচরণের জন্য ট্রলকারীদের ‘মেরুদণ্ডহীন’ বলেও মন্তব্য করেন সারা। তিনি জানান, এ ধরনের হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সারা লেখেন, ‘এ ধরনের মেরুদণ্ডহীন ট্রলকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের লজ্জা হওয়া উচিত।’


সারা গুরপাল পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী ও গায়িকা। ‘মাঞ্জে বিস্ত্রে’ ও ‘শাভা নি গিরধারি লাল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর আগে ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়েছিলেন সারা। তবে প্রতিযোগিতার শুরুতেই বাদ পড়েন তিনি।


২০২৫ সালে ‘রিয়েলিটি রানিস অব দ্য জঙ্গল ২’ রিয়েলিটি শোতেও অংশ নেন অভিনেত্রী। সেখানে রানারআপ হয়েছিলেন তিনি। সূত্র: এনডিটিভি