স্টাফ রিপোর্টার : রমজান মাসে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবসায়ীদের প্রকাশ্য হুমকি ও ‘মব’ সৃষ্টি চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
রবিবার রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।
মানববন্ধনে ক্যাবের রাজশাহী শাখার উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দীর্ঘদিনের সমস্যা। এ অবস্থায় ম্যাজিস্ট্রেটকে তাঁর বাজার তদারকির দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ম্যাজিষ্ট্রেটের ওপর হামলা চেষ্টার ঘটনা কেবল একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে ক্যাবের রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইয়ুথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। এ সময় মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।