৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

Admin Published: October 19, 2024, 1:55 am
ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

রাবি প্রতিনিধিঃ ইসরাইলের হামলায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাবির ভিসি চত্বরে রাত ১০টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে ঢাবি শিক্ষার্থীরা। নামাজ শেষে মিছিলটি ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। এসময় ‘টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর’, ‘শেইম শেইম শেইম, ইউনাইটেড ন্যাশন’,‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

 বিক্ষোভ সমাবেশে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টরা মনে করছে ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তারা বিজয় অর্জন করেছে । কিন্তু আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি। একজন ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে হামাসকে দমিয়ে রাখা যাবে না। একজন ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হচ্ছে।

আজাদি ফিলিস্তিনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জুলাই বিপ্লবে সকল শহীদদের। জুলাই বিপ্লবের শহীদরা আমাদের শিখিয়েছেন কিভাবে জুলুমের প্রতিবাদ করতে হয়। তাদেরই অনুরূপ শহীদ সিনওয়ার। শহীদ আবরারের সঙ্গে দাঁড়িয়ে আছেন শহীদ সিনওয়ার, শহীদ আবু সাঈদের সঙ্গে দাঁড়িয়ে আছেন ইয়াহিয়া সিনওয়ার। শহীদ সিনওয়ার আমাদের শিখিয়েছেন কিভাবে মৃত্যুকে শৈল্পিক রূপ দিতে হয়। ইসরায়েলের সন্ত্রাসীরা তোমরা যদি মনে কর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনকে দমিয়ে রাখবে, তাহলে তোমরা ভুল। যেভাবে আবরারকে শহীদ করার পর আবু সাঈদরা জেগে উঠেছে। আবু সাঈদকে শহীদ করার পর মুগ্ধরা জেগে উঠেছে। সেভাবে ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইয়াহিয়া সিনওয়ার জেগে উঠেছে, ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করার পর লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার জেগে উঠবে।

গত ১৭ অক্টোবর রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যার দাবি করছে ইসরায়েল বাহিনী। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছিল হামাস।

ডিএনএন/এলএস/১৯ অক্টোবর