স্টাফ রিপোর্টার : ধর্ষণ মামলার প্রধান আসামি হাজির না হওয়ায় তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন, মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। কিন্তু তারাও ছেলের পক্ষ নিয়ে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেফতার হয়েছিলেন। সে সময় ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
মামলার আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার মামলার ‘ধার্য্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। তবে আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।