৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, স্বস্তিদায়ক যাত্রা

Admin Published: May 31, 2026, 11:49 am
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, স্বস্তিদায়ক যাত্রা

ডিএনএন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন।রোববার (৩১ মে) সকাল থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা দীর্ঘ অপেক্ষার চিত্র দেখা যায়নি। পরিবহন চলাচলও ছিল স্বাভাবিক।


আরও পড়ুন: ২৫ কোটি টাকা বরাদ্দ: ব্যাখ্যা দিলেন আসিফ, হাসনাত চাইলেন ব্যাখ্যা


দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফেরা যাত্রীরা জানান, নদীপথের যাত্রা ছিল আরামদায়ক ও নির্বিঘ্ন। অধিকাংশ নৌযান নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছেছে এবং ভিড়ও তুলনামূলক কম ছিল।


অন্যদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতেও যাত্রীচাপ ছিল স্বাভাবিক। কাউন্টারগুলোতে দীর্ঘ সারি দেখা যায়নি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।


পরিবহন সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় সবাই একসঙ্গে না ফিরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। এতে যাত্রীচাপ ছড়িয়ে পড়েছে এবং ভোগান্তি কমেছে।


এদিকে রাজধানীতে ফিরতি যাত্রার পাশাপাশি অনেকে এখনো পরিবার নিয়ে গ্রামের দিকে যাচ্ছেন, ফলে দুইমুখী যাত্রার চিত্র দেখা যাচ্ছে। তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি।


কমলাপুর রেলস্টেশন ও লঞ্চঘাটসহ সব পরিবহন কেন্দ্রেই যাত্রী উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন, এবার ঢাকা ফেরা তুলনামূলকভাবে অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে।