২০ ভাদ্র, ১৪৩৩
০৪ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

Admin Published: September 3, 2026, 6:30 pm
হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

ডিএনএন ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প পোস্টে লেখেন, এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালীর নাম ট্রাম্প প্রণালী রাখা উচিত? তিনি আরও দাবি করেন, নতুন নাম হলে এটি আমেরিকার মতোই আগের চেয়ে আরও উত্তপ্ত হবে। 


তবে কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিজের অবস্থান কিছুটা নরম করেন। তিনি বলেন, না, না… এটি শুধু একটি প্রস্তাব হিসেবে বলা হয়েছিল, অর্থাৎ বিষয়টি বাস্তবায়নের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দেন। 


এর আগে গত সাপ্তাহে ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার নির্দেশ দেন। সেই সিদ্ধান্ত কানাডা প্রত্যাখ্যান করলেও গুগল ও অ্যাপল তাদের মানচিত্রে নতুন নাম যুক্ত করেছে। দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি মেক্সিকো উপসাগরের নামও “গালফ অব আমেরিকা” ঘোষণা করেছিলেন, যা মেক্সিকোসহ আন্তর্জাতিক মহল গ্রহণ করেনি।


হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, তবুও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, সোমবার একদিনেই ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল এই প্রণালী অতিক্রম করেছে, যা যুদ্ধকালীন সময়ের সর্বোচ্চ রেকর্ড। যুদ্ধ শুরুর আগে দৈনিক গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।