ডিএনএন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে কঠিন পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। তবে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ দিনে বদলে যায় ম্যাচের চিত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন এই ব্যাটার।
৪৫০ বল মোকাবিলা করে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৩০০ রানের ইনিংসের কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মাত্র দুজন ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান। ২০২০ সালে মিরপুরে বিসিএলের ম্যাচে অপরাজিত ৩৩৪ রান করে রকিবুলের রেকর্ড ছাড়িয়ে যান তামিম ইকবাল। তবে দুজনেরই সেই কীর্তি এসেছিল দেশের মাটিতে।
বুধবার (২ সেপ্টেম্বর) ২০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন হৃদয়। আগের দিনের শেষ বলে মোহাম্মদ সাইফউদ্দিন ৮৭ রানে ফিরলে নতুন দিনের শুরুতে তার সঙ্গী হন নাঈম হাসান। তবে জুটি বেশি দূর এগোয়নি। ১৬ রান করে প্রোটিয়া অফস্পিনার টেপো এনটুলির বলে স্টাম্পড হন নাঈম। ৪৫ ওভার বল করার পর প্রথম উইকেটের দেখা পান এনটুলি।
এরপর হৃদয়ের সঙ্গে যোগ দেন হাসান মুরাদ। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রান করে বাঁহাতি স্পিনার কাইল সিমন্ডসের বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন মুরাদ।
মুরাদ ফেরার সময় বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫১৯ রান। সেখান থেকে রেজাউর রহমানকে নিয়ে দলের ইনিংস এগিয়ে নেন হৃদয়। নিজের আগের সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস পেরিয়ে নতুন মাইলফলকের পথে ছুটতে থাকেন তিনি।