স্টাফ রিপোর্টার : রাজশাহীস্থ ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অনুমোদন ১৪ বছর ধরে না দেয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) রুলনিশি প্রদান করেছেন হাইকোর্ট।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান স্বাধীনের দায়ের করা (১৯৩১/২০২৬) রিট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার এর যৌথ বেঞ্চ গত রবিবার সরকারের প্রতি এই রুলনিশি প্রদান করেন। এতে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোক্তা মো. মনিরুজ্জামান স্বাধীন বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন ২০১০ অনুসরণ করে ২০১২ সাল থেকে আমরা একাধিকবার আবেদন করি, প্রতিষ্ঠান পরিচালনার সকল প্রস্তুতি থাকলেও তৎকালীন প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি। এমনকি মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শন নির্দেশ পেয়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কোন রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন প্রদান করেনি, যার ফলে বাধ্য হয়ে আমরা রিট দায়ের করি।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি রাজশাহী নগরীর খড়খড়ী এলাকায় নিজস্ব প্রায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এবং উন্নয়ন কার্যক্রম চলমান আছে। উদ্যোক্তা দাবী করেন এই প্রতিষ্ঠানটি জীবনঘনিষ্ঠ কর্মমুখী শিক্ষার মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নের ভুমিকা রাখবে।