১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬
বিবিসির বিশ্লেষণ

ইরান ইস্যুতে দুমুখো নীতি ট্রাম্পের

Admin Published: March 27, 2026, 12:12 pm
ইরান ইস্যুতে দুমুখো নীতি ট্রাম্পের

ডিএনএন ডেস্ক: ইরানকে একদিকে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে হামলা অব্যাহত রাখার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।


হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইরানকে যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তবে তেহরান আলোচনায় না এলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি।



ট্রাম্প দাবি করেন, ইরান চুক্তিতে আগ্রহী। যদিও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না।


এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। তবে এ প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।


এর আগে ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করার শর্ত ছিল।


মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘তারা যদি না মানে, আমরা তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠব।’


তবে যুক্তরাষ্ট্র কীভাবে ইরানকে আলোচনার টেবিলে আনবে, কিংবা টানা কয়েক সপ্তাহের সংঘাতের পর নতুন করে হামলা পরিস্থিতি বদলাতে পারবে কি না- সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।