২ আশ্বিন, ১৪৩৩
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে চীন সফরে আরাগচি

Admin Published: September 15, 2026, 5:25 pm
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে চীন সফরে আরাগচি

ডিএনএন ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক দিনের সফরে বুধবার (১৬ সেপ্টেম্বর) চীন যাচ্ছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের কয়েক দিন আগে আরাগচির এই চীন সফর অনুষ্ঠিত হচ্ছে। ওয়াং ই এর আগে গত মে মাসে বেইজিংয়ে আরাগচিকে স্বাগত জানিয়েছিলেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের আগে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর বেইজিংয়ে ওয়াং ই ও আরাগচির মধ্যে বুধবারের বৈঠকটি হবে দ্বিতীয় সরাসরি বৈঠক। এর আগে গত সপ্তাহের শেষ দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও দুজন অংশ নেন। সেখানে তাদের সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলতে দেখা যায়।


ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সরকারি স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।


পরবর্তী সময়ে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।


চীন দীর্ঘদিন ধরে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে আসছে। ফলে আরাগচি ও ওয়াং ইয়ের আসন্ন বৈঠককে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।