২৮ কার্তিক, ১৪৩৩
১২ নভেম্বর, ২০২৬
News Banner

‘জলবায়ু সম্মেলনে দালাল আর লুটেরাদের ভিড়’

Admin Published: November 11, 2026, 10:25 pm
‘জলবায়ু সম্মেলনে দালাল আর লুটেরাদের ভিড়’

ডিএনএন ডেস্ক: জাতিসংঘের আয়োজিত জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে বিশ্বনেতাদের নিজেদের লাভ ও ক্ষমতার কথা না ভেবে মানুষ ও বিশ্বকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে কপ-৩১ জলবায়ু সম্মেলনে পৌঁছে থুনবার্গ ওই ক্ষোভ প্রকাশ করেন।


তিনি বলেন, ‘‘প্রতি বছর এই সম্মেলন এক ধরনের ভণ্ডামিতে রূপ নেয়; যেখানে আয়োজক দেশগুলো নিজেদের ভালো হিসেবে দেখানোর সুযোগ পায়। আমরা সবাই জানি, এই সম্মেলনে সেই সব বিনাশী কোম্পানির দালালদের ভিড় থাকে; যারা বর্তমানের বৈশ্বিক ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে মুনাফা লুটছে।’’


গ্রেটা বলেন, আমাদের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষ এবং প্রকৃতির জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে।


বিশ্বজুড়ে তীব্র দাবদাহ ও ভয়াবহ বন্যার মতো একের পর এক দুর্যোগ এবং ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের মাঝে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


সম্মেলনের যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব জ্বালানির কথা বললেও তারা নিজেরা বিদ্যুৎ তৈরিতে কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে ব্রাজিল, দুবাই ও আজারবাইজানের মতো আগের আয়োজক দেশগুলোও বিশ্বজুড়ে তেল বিক্রির বড় কারবারি।


জলবায়ু পরিবর্তন সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে সতর্ক করে দিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, ‘‘আমাদের প্রিয় মানুষ ও প্রয়োজনীয় সবকিছুই আজ বড় ঝুঁকির মুখে।’’


তিনি বলেন, ‘‘ধনী ও ক্ষমতাবান গুটি কয়েক মানুষের অফুরন্ত লাভ আর ক্ষমতার লোভ সামলাতে গিয়ে সাধারণ মানুষ ও পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। এসব বন্ধ করে মানুষের কল্যাণে কাজ করা উচিত।’’


২০১৮ সালে ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্টের সামনে একা একা পরিবেশ রক্ষার দাবিতে ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান থুনবার্গ। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো সম্মেলনের পর এই প্রথম তিনি কোনো জলবায়ু সম্মেলনে যোগ দিলেন। গ্লাসগোতে বিশ্বনেতাদের ফাঁকা প্রতিশ্রুতিকে তিনি স্রেফ ‘ফাঁকা বুলি’ বলে উড়িয়ে দিয়েছিলেন।


পরিবেশের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলন এবং সম্প্রতি ফরাসি শিক্ষার্থীদের অধিকারের দাবিতেও পাশে দাঁড়িয়েছেন সুইডিশ এই জলবায়ু অধিকারকর্মী।


আন্তালিয়ায় তার উপস্থিতি পরিবেশ রক্ষার দাবিতে আসা তরুণ আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে; যারা উন্নত দেশগুলোর কাছে পরিবেশ তহবিলের টাকার দাবি করছেন।


সম্মেলনে আসা ২৬ বছর বয়সী পরিবেশকর্মী আম্বার টার্নার মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘আমরা প্রত্যাশা করছি, গ্রেটার উপস্থিতি সবাইকে মনে করিয়ে দেবে কেন আমরা আন্দোলন শুরু করেছিলাম। নেতাদের জবাবদিহি এবং সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতেই আমাদের এই লড়াই চলছে।’’


সিঙ্গাপুরের তরুণ কর্মী কিইয়ুন উ বলেন, থুনবার্গের উপস্থিতি নতুন প্রজন্মের কথাগুলোকে বিশ্বনেতাদের সামনে আরও শক্তিশালী করে তুলবে। তুরস্কের এই জলবায়ু সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।


পরের বছর অর্থাৎ ২০২৭ সালের নভেম্বরে কপ-৩২ সম্মেলন অনুষ্ঠিত হবে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।