১২ ভাদ্র, ১৪৩৩
২৮ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনার পেল রাজশাহীবাসী

Admin Published: February 20, 2026, 8:23 pm
কেন্দ্রীয় শহিদ মিনার পেল রাজশাহীবাসী

স্টাফ রিপোর্টার : ভাষা আন্দোলনের প্রায় ৭৪ বছর পর কেন্দ্রীয় শহিদ মিনার পেল রাজশাহীর মানুষ। নগরীর রাজারহাতা এলাকায় জেলা পরিষদে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারটি।  একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে প্রায় এক বিঘা জমির ওপর নবনির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজশাহীর সব শ্রেণি-পেশার মানুষ। 


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্ধোধন করবেন ভূমি মন্ত্রি মিজানুর রহমান মিনু।  এরপর সকলের জন্য রাজশাহী শহিদ মিনার উন্মুক্ত করা হবে।  


জানা গেছে, বহু বছর ধরে কেন্দ্রীয় শহিদ মিনারের দাবিতে আন্দোলন করে আসছেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো। এই দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারের নির্মাণ কাজের উদ্ধোধন করেন রাজশাহী জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের মালিকানাধীন সরকারি সার্ভে ইনস্টিটিউটটি নগরীর বাইরে নওদাপাড়ায় স্থানান্তর হলে প্রায় এক বিঘা জায়গা খালি হয়।  এই খালি জায়গা বরাদ্দ পায় রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার।


এদিকে, জেলা পরিষদ ও রাজশাহী সিটি কর্পোরেশন দুই প্রতিষ্ঠানের টানাটানির কারণে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারটির নির্মাণ কাজ বিলম্বিত হয়। পরে জেলা পরিষদের অর্থায়নেই এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। 


এ ব্যাপারে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, মহান ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষাসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই শহিদ মিনার নির্মাণ করা হয়েছে।  রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এটি।