স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় কয়েলের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে মিলন হোসেন (২৩) নামের এক তরুনের স্বপ্ন। গোয়াল ঘরে থাকা তার আড়াইলাখ টাকার পালিত একজোড়া গরু পুড়ে মারা গেছে। দুটি গরু হারিয়ে এখন পাগলপ্রায় এ তরুণ। রবিবার দিবাগত রাতে কয়েলের আগুনে গোয়াল ঘরে থাকা গরু দুটি পুড়ে মারা যায়।
মিলনের বাড়ি বাগমারার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। তিনি জানান, রবিবার সন্ধায় গোয়লঘরে গরু রেখে ঘুমাতে যান। মশার কামড় থেকে রক্ষার জন্য কয়েল জ্বেলেছিলেন। সেখান থেকেই রাত দেড়টার দিকে গোয়াল ঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।
এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। মসজিদের মাইকে লোকজনকে জড় করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও গোয়ালঘরে থাকা গরু দুটি বাচানো যায়নি।
মিলন বলেন, ঋণ করে গরু কিনে পালন করছিলেন। অন্যের খেতে কাজ করে সংসার চালানোর পাশাপাশি গরু দুটি পালন করছিলেন লাভের আশায়। এখন সব শেষ। মিলন বলেন, ‘আমার আর কিচুই থাকলা না, বাবা মরে যাওয়ার পর মানুষের কাজ করে কোনোরকম চলছিল। কেবল দাঁড়াবের লাগিচুনি, তখনি আগুনে শ্যাষ হইয়া গেল।’ আর সাত-আট দিনের মধ্যে পুড়ে যাওয়া একটি গাভী বাচ্চা প্রসব করতো বলে জানান মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। আবেদন করলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।