২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৬ মে, ২০২৬

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় রাসিক প্রশাসককে সংবর্ধনা

Admin Published: May 15, 2026, 11:25 pm
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় রাসিক প্রশাসককে সংবর্ধনা

ডিএনএন ডেস্ক: রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় পবিত্র পরিবার ধর্মপল্লীর আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে খ্রিস্টানপাড়ায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


ধর্মপল্লীতে শুভাগমন উপলক্ষে শুরুতেই ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে রাসিক প্রশাসককে বরণ করে নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পরে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের লক্ষ্য। তিনি বলেন, রাজশাহী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।


এ সময় স্থানীয় নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। দাবিগুলো শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রাফায়েল মুর্মু, সদস্য মিস্টার মাইকেল মারান্দী, সৃজনশীল যুব সংঘের উপদেষ্টা খোকন বাক্সি, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি সুমী মুর্মুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য রনি হোসেন রাহুল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সকল সম্প্রদায়ের উন্নয়নে রাসিক প্রশাসকের আন্তরিক ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।