১৯ কার্তিক, ১৪৩৩
০৪ নভেম্বর, ২০২৬

ক্যাম্পাসে ঢুকে রাবি চিকিৎসককে মারধর করলো বহিরাগতরা

Admin Published: July 30, 2025, 6:03 pm
ক্যাম্পাসে ঢুকে রাবি চিকিৎসককে মারধর করলো বহিরাগতরা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসককে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধর করে পালিয়ে গেছে কয়েকজন বহিরাগত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মারধরের পর ঐ চিকিৎসককে বিবস্ত্র করে পালিয়ে যায় বহিরাগতরা । এসময় তারা ঘটনার ভিডিও ধারণকারী কয়েকজনের মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ।

ওই চিকিৎসকের নাম মো. গোলাম আজম ফয়সাল। তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ফিজিওথ্যারাপিস্ট। তিনি জানান, আমি চিকিৎসাকেন্দ্রর ২৩ নং কক্ষে ডিউটিরত ছিলাম। এমন সময় একজন এসে আমি ফয়সাল কিনা শুনে আমার সাথে হাত মিলিয়ে চলে যায়। এরপরই কয়েকজন এসে ‘আমি আওয়ামী লীগের আমলে চাকুরী পেয়েছি’ বলেই মারধর শুরু করে। এক পর্যায়ে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এমসয় সেখানকার কোনো স্টাফ আমায় বাঁচাতে এগিয়ে আসেনি। এছাড়াও মারধর করে যাওয়ার সময় হুমকি দেয় যে আমাকে চাকুরী থেকে বাদ দিতে হবে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে ভুক্তভোগী চিকিৎসক বলেন, এখানে কাউকেই চিনি না, কার নামে মামলা করবো। বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া থাকি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আজকের ঘটনাটি অত্যন্ত দু:খজনক ও অগ্রহনযোগ্য। বাইরে থেকে এসে চিকিৎসাকেন্দ্রর স্টাফকে নির্মমভাবে মারধর ও প্রহার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি, জনি। তার বাড়ি আশেপাশে কোথাও হবে। তার নেতৃত্বে এই কাজটা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় যা যা করা দরকার আমরা করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ফয়সাল নামে যাকে মারধর করা হয়েছে সে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতো বলে শুনেছি। এ ঘটনায় আমরাও আতঙ্কিত, প্রশাসনকে আমরা পুলিশের নিরাপত্তার কথা জানিয়েছি। এভাবে চলতে থাকলে মেডিকেলে তালা দিতে হবে। এখানে ক্যামেরা না থাকায় কাউকে চেনা যায়নি। তবে ঘটনার সময় কয়েকজন ভিডিও করছিল তাদেরও ফোনও হামলাকারীরা নিয়ে গেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি মাত্র বিষয়টি জানতে পারছি। এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলবো। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে গতকাল পুলিশর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং হয়েছে, তারা নিরাপত্তা জোরদারের বিষয়ে কাজ করছে।