১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন

Admin Published: November 18, 2025, 1:21 pm
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন

ডিএনএন ডেস্ক: লিবিয়া থেকে প্রত্যাবাসনে ইচ্ছুক ১৭০ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৭০ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।


এতে আরও বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসমগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।


মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক সাথে কাজ করছে।