ডিএনএন ডেস্ক: দেশে অরাজকতা চায় এক শ্রেণির মানুষ। ৫ আগস্টের পর বিতাড়িত শক্তির সঙ্গে তারা আবার যোগাযোগ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, রাস্তা বন্ধ করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় কেউ কেউ।আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে 'ধরার খাল' পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ কেউ ঘোলাতে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনিনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে, যোগাযোগ করছে।
বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে কিছু লোক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্ত করছে-তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, মন্তব্য সরকারপ্রধানের।
বিএনপির লক্ষ্য ছিল সরকার গঠন করলে খাল খনন করবে। বলেছিলাম নির্বাচিত হলে আমাদের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। আমরা তা দিয়েছি, যোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে ত্রিশালে 'ধরার খাল' পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি।
৪৭ বছর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘ধরার খাল’ খনন করেছিলেন।