স্টাফ রিপোর্টার : মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় রাজস্ব আয় বৃদ্ধিতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাসহ অন্যান্য পার্কসমূহকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ মোতাবেক গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়। রাসিকের জনসংযোগ দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভার উদৃতি দিয়ে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির প্রস্তাবসমুহ পাঠ ও অনুমোদন, সিটি কর্পোরেশনের আওতাধীন মার্কেটের দোকানভাড়া বৃদ্ধি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের নিবন্ধন ফি পুনঃ নির্ধারণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নামে স্থায়ী জমি বরাদ্দ প্রদান সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান পিপিএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. মঞ্জিল হক, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরীসহ সকল বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।