১১ অগ্রহায়ণ, ১৪৩৩
২৫ নভেম্বর, ২০২৬
News Banner

পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল

Admin Published: November 25, 2026, 5:17 pm
পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল

ডিএনএন ডেস্ক: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটিতে নতুন মজুরি চূড়ান্ত হয়।


মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।


অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে নতুন মজুরি ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।


জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।


শ্রমিকদের নতুন এ মজুকাঠামো আগামী ১ ডিসেম্বর কার্যকর হবে বলে জানা গেছে।


মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।


বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।


বৈঠক শেষে ভোর ৪টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে কিংবা বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, সেসব বিষয় চূড়ান্ত করতে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হবে।