ডিএনএন ডেস্ক: আশির দশকে বলিউডের আলোচিত জুটি ছিলেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে সে সময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই সময়ের স্মৃতি সামনে আনলেন চিত্রগ্রাহক ও নির্মাতা লরেন্স ডি’সুজা। তার দাবি, শুটিংয়ের সময় প্রায় শ্রীদেবীর মেকআপ রুমে গিয়ে অপেক্ষা করতেন মিঠুন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গায়ের কানুনি’ সিনেমার শুটিংয়ে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন লরেন্স। সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তখন চলচ্চিত্র অঙ্গনে মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের বিষয়টি অনেকেরই জানা ছিল। মিঠুন তখন যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
লরেন্স বলেন, ‘সবাই জানত, তারা সম্পর্কে ছিলেন। তখন যোগিতা বালির সঙ্গে বিবাহিত ছিলেন মিঠুন। আমি যা দেখেছি, সবই শুটিং সেটে। মিঠুন প্রায়ই শ্রীদেবীর মেকআপ রুমে এসে অপেক্ষা করতেন।’
নির্মাতার ভাষ্য, শ্রীদেবীর শুটিং চলাকালে মিঠুন প্রায় সেটে আসতেন। কখনো শুটিং শেষ হওয়ার সময়ও তাকে দেখা যেত। এ ছাড়া শুটিংয়ের সময় মিঠুন বারবার ফোন করতেন শ্রীদেবীকে। ফোন এলে শ্রীদেবী সেট থেকে কিছুটা দূরে গিয়ে কথা বলতেন। এরপর ফিরে এসে নিজের দৃশ্যের কাজ শেষ করতেন।
শুটিং সেটে শ্রীদেবীর স্বভাব নিয়েও কথা বলেছেন লরেন্স। তার মতে, অভিনেত্রী ছিলেন শান্ত ও কিছুটা অন্তর্মুখী। একটি দৃশ্যের শুটিং শেষ হলে অন্যদের সঙ্গে আড্ডা না দিয়ে একা বসে থাকতে পছন্দ করতেন তিনি। স্বভাবে তিনি খুব ভালো মানুষ, বেশ চুপচাপ থাকতেন।’
আশির দশকে ‘জাগ উঠা ইনসান’ ও ‘ওয়াক্ত কি আওয়াজ’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। পর্দায় তাদের জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার বাইরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা থাকলেও দুজনের কেউই কখনো প্রকাশ্যে তা স্বীকার করেননি।
পরে ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাদের দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। দুজনই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে মারা যান শ্রীদেবী।
২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবীর। এতে তার সহশিল্পী ছিলেন ঈশান খট্টর। অন্যদিকে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে ২০২৩ সালে অভিনয় শুরু করেন খুশি। তাঁর সর্বশেষ কাজ নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘নাদানিয়ান’ (২০২৫)। সূত্র: ইন্ডিয়া টুডে