৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

প্রথম পর্বের পর ‘লোকাহ ২’ ঘিরে নতুন চ্যালেঞ্জ

Admin Published: June 7, 2026, 6:26 pm
প্রথম পর্বের পর ‘লোকাহ ২’ ঘিরে নতুন চ্যালেঞ্জ

ডিএনএন ডেস্ক: ২০২৫ সালের ওনাম উৎসবে মুক্তি পেয়ে সাউথের মালয়ালম বক্স অফিসে সুনামি এনেছিল কল্যাণী প্রিয়দর্শন এবং নাসলেন অভিনীত ফ্যান্টাসি-থ্রিলার সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। মালয়ালি লোকগাথার বা রূপকথার চরিত্র ‘কাল্লিয়ানকাত্তু নিলি’র ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, এটি এখন ভারতের অন্যতম চর্চিত ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।


প্রথম পর্বের এই বিশাল সাফল্যের পর, স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল ব্যবসার খাতিরে ‘লোকাহ ২’-এর মূল গল্পে কোনো কাটছাঁট বা পরিবর্তন করা হবে কি না? এবার সেই জল্পনার অবসান ঘটালেন ছবির পরিচালক ডোমিনিক অরুণ।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক ডোমিনিক অরুণ এবং সহ-লেখক সান্তি বালাচন্দ্রন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রথম ছবি সুপারহিট হয়েছে বলে তারা সস্তা জনপ্রিয়তার জন্য গল্পের মূল ভাবনা বা স্ক্রিপ্ট পরিবর্তন করবেন না। তবে প্রথম পার্টে দর্শকদের স্রেফ এই রূপকথার দুনিয়াটার সাথে পরিচয় করানো হয়েছিল, তাই দ্বিতীয় পার্টে দর্শকদের আরও বড় স্কেলের সিনেমাটিক অভিজ্ঞতা এবং গ্রাফিক্সের চমক দেওয়াই এখন মেকারদের প্রধান চ্যালেঞ্জ।

‘লোকাহ চ্যাপ্টার ১’-এ কল্যাণী প্রিয়দর্শনের দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল মেগাস্টার মাম্মুত্তির ভয়েস ওভার এবং দুলকার সালমান ও টোভিনো থমাসের ধামাকা ক্যামিও অ্যাপিয়ারেন্স। প্রথম পার্ট শেষ হয়েছিল যেখানে, ঠিক সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পর্বের গল্প। আর এবারের চ্যাপ্টার ২-এর মূল হিরো হিসেবে পুরো সিনেমার দায়িত্ব সামলাবেন সাউথের অন্যতম জনপ্রিয় স্টার টোভিনো থমাস। তিনি তার ‘চাত্থান’ চরিত্রটি নিয়ে এবার পর্দায় মূল কাহিনীর লিড দেবেন।


গল্পের গভীরতা আর সাউথের নিজস্ব সংস্কৃতিকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার এই জেদই প্রমাণ করে যে, কেন মালয়ালম সিনেমা আজ পুরো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেক্কা দিচ্ছে।