১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

Admin Published: February 22, 2026, 4:57 pm
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার  বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে এবং উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি বেতন ছাড়াই শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তাঁর বেতনের অনুমোদন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এ সময় রাজশাহীর দিক থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি তাঁকে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।