৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাবির দুই উপ-উপাচার্য নিয়োগ

Admin Published: October 21, 2024, 8:01 pm
রাবির দুই উপ-উপাচার্য নিয়োগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

আজ সোমবার দুপুরে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ^বিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. ফরিদ উদ্দিন খানকে প্রো-ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) পদে এবং প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তগুলো হলো- ১. তাদের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। ২. উপর্যুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন। ৩. তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ৪. তারা বিশ্বিবদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ৫. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর পদত্যাগ করেন।


ডিএনএন/এলএস/২১ অক্টোবর