৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Admin Published: April 20, 2025, 11:57 pm
রাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজায় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, তিনি (পারভেজ) সামনে থেকে জুলাই বিপ্লব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এটি আমাদের জন্য গর্বের বিষয়। যদি তিনি শহীদ হিসেবে আমাদের সামনে আসতেন, তাহলে আমরা আরও গর্বিত হতাম। কিন্তু একজন সংগ্রামী যোদ্ধা এমন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ ক্যাম্পাসেই হত্যাকাণ্ডের শিকার হবেন এটা আমাদের জন্য চরম লজ্জার।আমি আশা করি, ক্যাম্পাসে অবস্থানরত সব শিক্ষার্থী আরও সহনশীল ও দায়িত্বশীল আচরণ করবে। শুধুমাত্র হাসির মতো একটি সাধারণ বিষয়ে কাউকে হত্যা এমন নির্মমতা আমাদের শিক্ষাঙ্গনে কখনোই কাম্য নয়।


জুলাই বিপ্লবের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, জুলাই বিপ্লবে আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি। সেই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক পারভেজকে একটি তুচ্ছ ঘটনায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা আমাদের স্পষ্ট বার্তা দেয় আমরা কেউই নিরাপদ নই।আওয়ামী লীগ ৫ আগস্টে নিষিদ্ধ হলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে বিপ্লবের সংগঠক ও নেতৃত্বদানকারীরা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছেন।যখন একপক্ষ নির্বাচন আর অন্যপক্ষ সংস্কারের কথা বলছে, তখন প্রশ্ন জাগে জীবনের নিরাপত্তার চেয়ে বড় আর কী সংস্কার হতে পারে?আমরা আর রক্ত দিয়ে বাংলাদেশকে বারবার স্বাধীন করতে চাই না। তাই অবিলম্বে জুলাই বিপ্লবসহ সকল নেতৃত্বাধীন নায়কদের নিরাপত্তা নিশ্চিত করুন।


জানাজায় রাবির বিভিন্ন ছাত্রসংগঠন ও বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী জানাজায় অংশগ্রহণ করেন।