৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও কর্মবিরতিতে যাবেন কর্মকর্তা-কর্মচারীরা

Admin Published: January 10, 2025, 12:15 pm
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও কর্মবিরতিতে যাবেন কর্মকর্তা-কর্মচারীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারো আন্দোলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেন।


সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ও ১৬ জানুয়ারি তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এর আগে আগামী রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, সোমবার ছাত্রসংগঠন ও মঙ্গলবার (১৪ জানুয়ারি)) প্রশাসনের সঙ্গে তারা মতবিনিময় সভা করবেন।


এসময় অফিসার সমিতি ছাড়াও চিকিৎসক সমিতি, সহায়ক কর্মচারী ইউনিয়ন সমিতি, সাধারণ কর্মচারী সমিতি ও পরিবহন সমিতির নেতা ও সদস্যরা সভায় অংশ নেন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।


এর আগে ১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই রাতেই

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন ।



এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা-কর্মচারীরা এর পর থেকে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও সর্বশেষ বুধবার দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।


বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, তাঁরা কোনো কোটার জন্য কথা বলছেন না। এটা তাঁদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা। এ ধরনের সুবিধা থাকলে সাধারণ শিক্ষার্থীদের কোনো সমস্যা হয় না। তাঁরা আজকে সভা করেছেন। সভায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে। কয়েক দিন তাঁরা ছাত্র, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ১৫ ও ১৬ জানুয়ারি তাঁরা দুই দিন কর্মবিরতি পালন করবেন। এরপর দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে যাবেন।