স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১মবর্ষে ভর্তি প্রক্রিয়ার কাগজপত্রে জাল-জালিয়াতির অভিযোগে মূলহোতা রাইসুলকে গ্রেফতার করেছে নগরীর মতিহার থানা পুলিশ।
গ্রেফতা রাইসুল ইসলাম রাহি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পুটিমারী গ্রামের নুর মোহাম্মদ রাজ্জাক ওরফে মো. আহাম্মাদ খন্দকারের ছেলে। শুক্রবার রংপুর মেট্টোপলিটন পুলিশের তাজহাট থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাজশাহী নগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, আব্দুল্লাহ আল ইমরান ও তার বান্ধবী চলতি বছর রাবির বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। পরে তারা বিশেষ কোটায় ভর্তির লক্ষ্যে ফার্মেসী বিভাগে কাগজপত্র জমা দেন। ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি কাগজপত্রের স্বাক্ষর জাল সন্দেহ হলে ইমরানকে ২০ জুলাই আসতে বলেন। তবে সেদিন প্রফেসর ড. শাহনাজ পারভীন ছুটিতে ছিলেন। ইমরান ২৭ জুলাই ভর্তি সংক্রান্ত কাগজপত্র ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহনাজ পারভীনের কাছে উপস্থাপন করে। কাগজপত্র যাচাই করে তা জাল প্রমাণিত হলে প্রক্টরের মাধ্যমে তাকে মতিহার থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানায় জালিয়াতির মামলা রুজু হয়।
মামলার পর মতিহার থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, টাকার বিনিময়ে রাইসুল ইসলাম তাকে ভর্তি করিয়ে দেওয়ার জন্য জাল কাগজপত্র সরবরাহ করেছে। প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুলহোতা রাইসুল ইসলামকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।